জাতীয়

নিরাপত্তাহীনতার অজুহাতে মতিঝিল অফিস বন্ধ ঘোষণা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ২৬ মে – নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার বিকেলে দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান।

ফেসবুক পোস্টে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিসের কার্যক্রম বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এখন থেকে দলটির সকল সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড রাজধানীর রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।

ঢাকা ৮ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ এবং দেশবাসীকে নতুন এই ঠিকানায় যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের আস্থা, রাজনৈতিক শিষ্টাচার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তাদের পথচলা অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

সতর্কবার্তা হিসেবে তিনি আরও জানান, কেউ যদি পূর্ববর্তী অবস্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা কিংবা ক্ষতির শিকার হন, তবে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই দায়ী থাকবেন। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এনএন/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language