ঝিনাইদহে হামলায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ নাসীরুদ্দীনের

ঢাকা, ২৬ মে – ঝিনাইদহে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলায় রাজনৈতিক কর্মীদের পাশাপাশি পুলিশের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার বিকেলে রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে তাদের ওপর যখন আক্রমণ হয়, তখন তারা ধারণা করেছিলেন এতে শুধু ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীরা জড়িত। কিন্তু পরবর্তীতে তারা নিশ্চিত হন যে হামলার সময় পুলিশের একটি অংশও তাদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি জানান, গত জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। এতে তিনি চোখে গুরুতর আঘাত পান এবং সাময়িকভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এরপর তার ওপর উপর্যুপরি কিলঘুষি ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একই সময় তার সহযোদ্ধাদের ওপর দেশীয় অস্ত্র ও হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়।
তিনি অভিযোগ করেন, হামলার পর বিচার চাইতে থানায় গেলেও পুলিশ প্রথমে মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং প্রায় ছয় ঘণ্টা থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। একপর্যায়ে পুলিশ অভিযোগপত্র নিলেও রাতে হাজারো অস্ত্রধারী মানুষ থানা ঘেরাও করে আতঙ্ক সৃষ্টি করে। ওই পরিস্থিতিতে নিজের প্রাণনাশের শঙ্কা তৈরি হয়েছিল এবং তিনি মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ঐতিহাসিক রক্ষী বাহিনীর কর্মকাণ্ডের তুলনা করেন। তিনি অভিযোগ করেন, ঝিনাইদহে ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ডিবির হাতে আটক দুই কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করার পাশাপাশি তিনি তার একটি ব্যক্তিগত ক্যামেরা ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান যা দিনের বেলায় প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দেশে বর্তমানে আইনের শাসনের অভাব পরিলক্ষিত হচ্ছে এবং একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে এবং কোনো একটি তৃতীয় পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি দেশের রাজনৈতিক সংস্কার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনএন/ ২৬ মে ২০২৬









