গাজীপুর

গাজীপুরে শিল্প কারখানা ছুটিতেই মহাসড়কে যানজট, বৃষ্টিতে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ

গাজীপুর, ২৫ মে – গাজীপুরের ৪০ শতাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে চন্দ্রা ত্রিমোড় এলাকায়। এর ফলে ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার বিকেল থেকে এই যানজট শুরু হয় যা সন্ধ্যার পর আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

যানজটের পাশাপাশি থেমে থেমে চলা বৃষ্টির কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায় সফিপুর থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা নবীনগর সড়কের কবিরপুর থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

হাইওয়ে ও ট্রাফিক পুলিশের শতাধিক সদস্য যানজট নিরসনে কাজ করছেন। তবে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো এবং বৃষ্টির কারণে সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। যাত্রীরা অভিযোগ করেছেন যেখানে ১০ মিনিটের পথ সেখানে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় লাগছে।

পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language