মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মেহেরপুর, ২৫ মে – মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার রাতে জেলার গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ মে রাত ১০টার দিকে গাংনী উপজেলার রংমহল মাঠ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়।
সেখান থেকে ভারতীয় ৩ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা, যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই উপজেলার পশ্চিম ধর্মদহ গ্রামের মাঠে।
এই অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় ১৪ বোতল মদ, ২ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধার করা এই মাদক ও ঔষধের আনুমানিক মূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হয়েছে।
এস এম/ ২৫ মে ২০২৬









