জাতীয়

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৫ মে – রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সংস্থাটির নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের বিচ্ছিন্ন দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে দেশের কিছু অঞ্চলে এখনো মৃদু তাপপ্রবাহ বইছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার চিত্র বিশ্লেষণে জানানো হয় যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণের ধারা অব্যাহত থাকবে।

ফলে এসব অঞ্চলে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language