জাতীয়

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান

ঢাকা, ২৪ মে – বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি কেন্দ্রীয় ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

২০২৫ সালের জুলাই মাসে জুবায়দুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সময়ে তিনি ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। তৎকালীন গভর্নর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরের সময়ে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মতবিরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

সম্প্রতি নতুন গভর্নর মোস্তাকুর রহমান যোগদানের পর ব্যাংকটির বিভিন্ন সিদ্ধান্তে এই জটিলতা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ছুটিতে পাঠানো হয়েছিল। ১২ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই ছুটির বিষয়টি অনুমোদিত হয়।

আজ ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের একাংশের আন্দোলনের মুখে সভাটি বাতিল হয়।

আন্দোলনকারীরা এম জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করার পাশাপাশি এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখার দাবি জানান। এরপরই জুবায়দুর রহমান তার পদত্যাগপত্র পেশ করেন।

অন্যদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে পর্ষদ সভা না হওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে মুনাফার পরিমাণ ৪৪৭ কোটি টাকা থাকলেও ২০২৫ সালে তা কমে ১৩৭ কোটি টাকায় নেমে আসে। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে অস্বাভাবিকভাবে বেড়ে ৪৯ শতাংশে পৌঁছেছে।

বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৯২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়াও বিদেশি বিনিয়োগের হার ৬৩ শতাংশ থেকে কমে বর্তমানে ১৭ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language