বিদায়বেলায় বাংলাদেশের মানুষের প্রতি প্রণয় ভার্মার আবেগঘন বার্তা

ঢাকা, ২৪ মে – বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দীর্ঘ চার বছর দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা। বিদায়বেলায় বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বার্তায় তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে তিনি তার এই দীর্ঘ সময়কালকে অত্যন্ত সমৃদ্ধ ও ফলপ্রসূ বলে অভিহিত করেন। প্রণয় ভার্মা জানান যে তিনি এবং তার স্ত্রী মনু বাংলাদেশ থেকে অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছেন। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত বিশেষ ও অনন্য।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের সম্মিলিত আত্মত্যাগের মাধ্যমে এক গভীর আবেগের বন্ধন তৈরি হয়েছে যা ইতিহাস, ভাষা ও ঐতিহ্যের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বিদায়ী হাইকমিশনার আরও বলেন যে একটি সমৃদ্ধ বাংলাদেশ যেমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ তেমনই ভারতের সমৃদ্ধিও বাংলাদেশের জন্য প্রয়োজনীয়।
পারস্পরিক নির্ভরশীলতা ও কল্যাণের মাধ্যমেই এই সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। গত ৫৫ বছরে দুই দেশই অনেক সক্ষম ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন যে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সহযোগিতা অপরিহার্য।
ভৌগোলিক নৈকট্যকে সম্পদে রূপান্তরিত করে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভবিষ্যৎমুখী নতুন কর্মসূচির ওপর তিনি জোর দেন। সবশেষে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া উষ্ণতা ও স্নেহের প্রশংসা করে তিনি আবারও দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ২৪ মে ২০২৬









