জাতীয়

একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, বিআরটিএর কড়া নির্দেশনা

ঢাকা, ২৩ মে – গণপরিবহনের চালকদের একটানা দীর্ঘ সময় যানবাহন চালানোর কারণে ক্রমবর্ধমান ক্লান্তি ও ঝিমুনি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ।

শনিবার সংস্থাটির সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বিদ্যমান মোটরযান আইন অনুযায়ী কোনো চালক টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা দায়িত্ব পালনের পর অবশ্যই অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে।

এরপর একজন চালক সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। আইন অনুযায়ী একজন চালকের দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টার বেশি হবে না এবং সপ্তাহে মোট ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করা নিষিদ্ধ।

বিআরটিএ জানিয়েছে,

নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে যানবাহন চালালে চালকদের মধ্যে শারীরিক ও মানসিক অবসাদ তৈরি হয়, যা মারাত্মক সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। যাত্রীদের নিরাপত্তা ও জানমালের ক্ষতি এড়াতে মোটরযান মালিক এবং চালকদের এই সময়সীমা কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়,

এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়ক চলাচল সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্য জানাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিআরটিএ। মূলত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা হ্রাসে এই কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language