উত্তর আমেরিকা

জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প প্রস্তাব

ওয়াশিংটন, ২৩ মে – মধ্যপ্রাচ্যে ইরানি তেল সরবরাহে অস্থিরতা ও বিশ্ব জ্বালানি বাজারে উত্তেজনার মধ্যেই ভারত সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সফরের প্রধান লক্ষ্য হলো ভারতের জ্বালানি চাহিদা মেটাতে বিকল্প উৎসের প্রস্তাব দেওয়া এবং দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা আরও সুদৃঢ় করা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল রপ্তানিতে অস্থিরতা দেখা দেওয়ায় বৈশ্বিক বাজারে সরবরাহ সংকটের পাশাপাশি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলোর ওপর আর্থিক চাপ বাড়ছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতের কাছে নিজেদের জ্বালানি রপ্তানি বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি আমদানিকারক হিসেবে ভারতের গুরুত্ব অনুধাবন করে ওয়াশিংটন দেশটিকে তরল প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে।

যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন ইরান ও রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমিয়ে মার্কিন উৎসের দিকে মনোযোগী হয়। বিশ্লেষকরা মনে করছেন, মার্কো রুবিওর এই সফর শুধু বাণিজ্যিক নয় বরং গভীর ভূরাজনৈতিক কৌশলের অংশ।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে জ্বালানি রপ্তানি বাড়াতে চায় এবং অন্যদিকে এশিয়ায় নিজেদের প্রভাব আরও জোরালো করতে সচেষ্ট রয়েছে।

যদিও ভারত দীর্ঘকাল ধরে বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের নীতি বজায় রেখে আসছে। রুবিওর এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কে নতুন গতির সঞ্চার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language