কিউবায় রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনে পূর্ণ মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র: রুবিও

ওয়াশিংটন, ২৩ মে – কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর দ্বীপ রাষ্ট্রটির কমিউনিস্ট ব্যবস্থা পরিবর্তনে ওয়াশিংটন এখন পূর্ণ মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার মায়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রুবিও বলেন কিউবার বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এবং বর্তমান রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে এই সংকট সমাধান করা সম্ভব নয়। কিউবা উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে অবস্থিত এই দেশটিকে তিনি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন।
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে,
তাদের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ ও সহযোগী যুদ্ধজাহাজগুলো বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছে। তবে এই মোতায়েন কিউবাকে ভয় দেখানোর কোনো কৌশল কি না এমন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন।
রুবিও জানান,
কিউবা সংস্কারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের দেওয়া ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব প্রাথমিকভাবে গ্রহণ করেছে। তবে ওয়াশিংটন চায় কিউবার সামরিক বাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গ্রুপো দে অ্যাডমিনিস্ট্রাসিওন এম্প্রেসারিয়াল বা জিএইএসএকে বাদ দিয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করতে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র এই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এর প্রধানের বোনকে ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়।
১৯৯৬ সালে কিউবা বিরোধী পাইলটদের দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় প্রাণহানির দায়ে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কিউবা কর্তৃপক্ষ এই অভিযোগকে জঘন্য বলে আখ্যায়িত করেছে এবং হাভানায় মার্কিন দূতাবাসের সামনে নাগরিকদের বিক্ষোভের আহ্বান জানিয়েছে।
বর্তমানে কিউবায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকট চলছে। মুদ্রাস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে চীন ও রাশিয়া জানিয়েছে যে কিউবার ওপর বিচারিক চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা বন্ধ করা উচিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যে কোনো সাবেক বা বর্তমান রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এ ধরনের পদ্ধতি ব্যবহার করা সমীচীন নয়।
এস এম/ ২৩ মে ২০২৬









