ঢালিউড

মধ্যরাতে পাম্পের ওয়াশরুমে হেনস্তার শিকার অভিনেত্রী ফারিন খান

ঢাকা, ২২ মে – ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ফারিন খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার জীবনের এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, সময়মতো সজাগ না হলে এবং চিৎকার না করলে তিনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারতেন।

ফারিনের ভাষ্য অনুযায়ী, গত ১৩ মে জামালপুর যাওয়ার পথে রাত আনুমানিক সোয়া ৩টার দিকে তিনি একটি পেট্রোল পাম্পের শৌচাগারে গিয়েছিলেন। সেখানে প্রবেশের কিছুক্ষণ পরই তিনি লক্ষ্য করেন যে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুটি হাত তার গলার কাছে চলে এসেছে।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি দ্রুত চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসেন। তার চিৎকারে গাড়িচালক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে চালক জানান, তিনি ওই ব্যক্তিকে শৌচাগারের পেছনের দিকে যেতে দেখেছিলেন। তবে ওই ব্যক্তির হাতে ডিমের খোসা থাকায় তাকে প্রাথমিকভাবে সন্দেহ করেননি।

ফারিন জানান, এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শুরুতে কাউকে কিছু না বললেও পরে শুটিং ইউনিটের সদস্যদের সাথে বিষয়টি শেয়ার করেন।

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ দেশে মেয়েরা নিরাপদ নয় এবং অনেক সময় পোশাকের দোহাই দিয়ে অপরাধের দায় ভুক্তভোগী নারীর ওপরই চাপানো হয়।

এনএন/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language