জাতীয়

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু

ঢাকা, ২১ মে – ঢাকায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের জন্য নামমাত্র মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রোগীরা মাত্র ১০০ টাকা ব্যয়ে এই জরুরি সেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বর্তমানে রাজধানীতে হামের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যেই একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। ঢাকার যেকোনো প্রান্ত থেকে আক্রান্ত শিশুকে হাসপাতালে আনা নেওয়ার জন্য নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

অসুস্থ শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পেলে কালক্ষেপণ না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এই বিশেষ সেবাটি গ্রহণ করতে হাসপাতালের ০১৯৫৮২৭৭৮০০ নম্বরে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language