শিক্ষা

নির্ভুল ইতিহাস ও সঠিক তথ্য সম্বলিত পাঠ্যবই তৈরির নির্দেশ শিক্ষা সচিবের

ঢাকা, ২০ মে – আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে শতভাগ পরিমার্জিত ও নির্ভুল পাঠ্যবই পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। তিনি পাঠ্যপুস্তক সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন।

বুধবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কার্যালয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। শিক্ষা সচিব বলেন যে মুক্তি সংগ্রাম থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই ও আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পর্যন্ত জাতীয় ইতিহাসের প্রতিটি অধ্যায়কে যথাযথভাবে তুলে ধরতে হবে।

কোনো ধরনের বিকৃতি ছাড়াই প্রকৃত ঘটনাপ্রবাহ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টর ও ফোর্সের ভূমিকা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান যে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের বিশাল কর্মযজ্ঞ সফল করতে এনসিটিবি একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে। এই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাক্রম চূড়ান্ত করা এবং কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পাঠ্যবই মুদ্রণ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে সভায় জানানো হয়। উক্ত সভায় এনসিটিবি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language