যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার রাস্তায় বিশেষ রিকশা

ঢাকা, ২০ মে – যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার রাস্তায় নামানো হয়েছে বিশেষ নকশার রিকশা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ রিকশাগুলোর ছবি প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙের সাথে মিল রেখে এই রিকশাগুলোকে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, এই বিশেষ আয়োজনের আওতায় মোট ৫০টি রিকশা উদ্বোধন করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে।
১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। সেই উৎসবের আবহ ছড়িয়ে দিতেই ঢাকার রাজপথে এই রঙিন রিকশাগুলো চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এস এম/ ২০ মে ২০২৬









