অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

ঢাকা, ২০ মে – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, অপরাধ দমনে কোনো অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না। একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় রাজধানী গড়ে তুলতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে।
এই লক্ষ্য অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। বুধবার রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
ডিএমপি কমিশনার বলেন,
প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সাইবার প্রতারণার মতো অপরাধগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে রাজধানীতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তিনি জানান, সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে।
ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন এবং ই-প্রসিকিউশন চালু করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, ঈদ জামাত এবং শপিংমলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশ তৎপর থাকবে।
বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অজ্ঞান পার্টি ও জাল নোট চক্র ঠেকাতে ডিবি এবং থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নাগরিকদের যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বা ৯৯৯-এ কল করার অনুরোধ জানান।
এস এম/ ২০ মে ২০২৬









