মক্কায় অনুমতি ছাড়া হজ যাত্রী পরিবহনের দায়ে পাঁচজনের জেল ও জরিমানা

রিয়াদ, ১৮ মে – হজ পারমিট ছাড়া মক্কায় যাত্রী পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মক্কার প্রবেশমুখে নিয়োজিত হজ নিরাপত্তা বাহিনী পারমিট ছাড়া প্রবেশের চেষ্টাকালে সাতজন যাত্রীকে আটক করে।
পরবর্তীতে প্রশাসনিক কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সাজার নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়েছে, অবৈধভাবে তীর্থযাত্রী পরিবহনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড ভোগ করতে হবে।
একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমে অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে এবং সেই প্রচারের যাবতীয় ব্যয়ভার তাদেরই বহন করতে হবে। এদিকে যথাযথ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা সাতজন যাত্রীর প্রত্যেককে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।
প্রবাসীদের ক্ষেত্রে সাজা ভোগ করার পর নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই কাজে ব্যবহৃত যানবাহনগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে আদালতে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীকে হজের নির্ধারিত বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় সতর্ক করেছে।
এস এম/ ১৮ মে ২০২৬









