মধ্যপ্রাচ্য

সৌদির আকাশে দেখা গেল চাঁদ: ২৬ মে পবিত্র আরাফাত দিবস, ২৭ মে ঈদুল আজহা

রিয়াদ, ১৭ মে – বিশ্বজুড়ে অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওমানের পর পবিত্র ভূমির আকাশেও দেখা মিলল জিলহজ মাসের নতুন চাঁদের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। আর হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস পালিত হবে আগামী ২৬ মে (মঙ্গলবার)।

আজ রোববার (১৭ মে) রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ-ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে এই খবরটি প্রথম নিশ্চিত করে। পোস্টে বলা হয়েছে, “সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।”

বিশ্বের বিভিন্ন প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবারও জিলহজ মাসের শুরুর তারিখে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ব্রুনাইয়ের সালতানাত জানিয়েছে, রোববার দেশটির আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ১৯ মে (মঙ্গলবার) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো পবিত্র হজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কার ঐতিহাসিক আরাফাহর ময়দানে একত্রিত হন। এই আরাফাহর ময়দানেই শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজাও রাখেন। আর তার পরদিনই পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহা উদযাপন করেন বিশ্বের কোটি কোটি মুসলমান।

এনএন/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language