অন্ধ্রপ্রদেশে জন্মহার বাড়াতে আর্থিক অনুদান: ৩য় ও ৪র্থ সন্তানে মিলবে বড় অঙ্কের রুপি

অমরাবতী, ১৭ মে – অন্ধ্রপ্রদেশে জন্মহার বাড়াতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। দ্বিতীয় সন্তানের পর এবার তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্মের ক্ষেত্রেও দম্পতিদের আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার এক জনসভায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এই ঘোষণা দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃতীয় সন্তানের জন্ম হলে সংশ্লিষ্ট দম্পতিকে ৩০ হাজার রুপি দেওয়া হবে। অন্যদিকে, চতুর্থ সন্তানের জন্মের ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ হবে ৪০ হাজার রুপি। মূলত রাজ্যে ক্রমবর্ধমান হারে কমে যাওয়া জন্মহার নিয়ন্ত্রণে আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে আয়োজিত একটি জনসভায় চন্দ্রবাবু নায়ডু বলেন, আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন থেকে তৃতীয় সন্তানের জন্য ৩০ হাজার এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেব। এটি একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।
আগামী এক মাসের মধ্যেই এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত রূপরেখা ঘোষণা করা হবে বলে তিনি জানান। একটা সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সরব থাকলেও এখন রাজ্যের ভবিষ্যতের স্বার্থে জন্মহার বৃদ্ধিতে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার ১.৫ শতাংশে নেমে এসেছে। রাজ্য প্রশাসনের লক্ষ্য হচ্ছে এই হারকে ২.১ শতাংশে উন্নীত করা। সেই লক্ষ্যেই দম্পতিদের উৎসাহিত করতে এই আর্থিক সহায়তার পরিকল্পনা করা হয়েছে।
এস এম/ ১৭ মে ২০২৬









