মোটরসাইকেলে কর আরোপ জনস্বার্থবিরোধী হবে: ডা. শফিকুর রহমান

ঢাকা, ১৭ মে – মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের সম্ভাব্য পরিকল্পনাকে জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তা করছে। তিনি বলেন যে এই বাহনটির মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী কোনো মানুষ নন।
মূলত দৈনন্দিন জীবন ও জীবিকার তাগিদেই তারা এই বাহনটি ব্যবহার করে থাকেন। রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির জন্য করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে তবে জীবনযুদ্ধে ক্লান্ত এই সাধারণ মানুষগুলোর ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই উচিত নয়।
তিনি আশা প্রকাশ করেন যে সরকার এ ধরনের চিন্তা করে থাকলে তা থেকে দ্রুত সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে সাধারণ মানুষের কাছে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ১৭ মে ২০২৬









