যুক্তরাষ্ট্রে ১৮ মিলিয়ন ডলার জরিমানায় জালিয়াতি মামলার নিষ্পত্তি করছেন গৌতম আদানি

নয়া দিল্লী, ১৭ মে – যুক্তরাষ্ট্রে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে চলমান জালিয়াতি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে। এই সমঝোতার অংশ হিসেবে তারা এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের বিরুদ্ধে এই দেওয়ানি মামলাটি দায়ের করেছিল।
সংস্থাটির অভিযোগ ছিল, একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করা হয়েছে এবং বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের সময় বিনিয়োগকারীদের ভুল তথ্য দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা কার্যকর হতে মার্কিন আদালতের অনুমোদনের প্রয়োজন হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর দুই দেশের শেয়ারবাজারেই ইতিবাচক সাড়া মিলেছে এবং আদানি গ্রুপের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।
আদানি গ্রুপ মূলত জ্বালানি, অবকাঠামো ও বিমানবন্দরসহ বিভিন্ন খাতে তাদের বিশাল বিনিয়োগের জন্য সুপরিচিত। চুক্তির শর্তানুসারে, গৌতম ও সাগর আদানি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করবেন না। তবে তারা ভবিষ্যতে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা বা সিকিউরিটিজ সংক্রান্ত কোনো আইন লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইতিপূর্বে অভিযোগে বলা হয়েছিল, আদানি গ্রিন এনার্জি তার নীতিমালার বিষয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে প্রায় ৭৫ কোটি ডলার সংগ্রহ করেছিল। আদানি গ্রুপ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে আসছিল। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, ৬৩ বছর বয়সী গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার।
অন্যদিকে, মার্কিন বিচার বিভাগও আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির অভিযোগ প্রত্যাহারের পথে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। নতুন একটি আইনজীবী দল নিয়োগের পর মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এস এম/ ১৭ মে ২০২৬









