জাতীয়

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ১৭ মে – হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্ত এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দাখিল করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনীয় টিকাদান কর্মসূচি বাতিল করার বিষয়টি ফৌজদারি অবহেলার শামিল হতে পারে। এ কারণে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া ড. ইউনূস এবং সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদানের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে এই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় জনস্বার্থে এই রিটটি দায়ের করা হয়েছে বলে আইনজীবী জানিয়েছেন। উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language