দক্ষিণ এশিয়া

মসজিদকে মন্দির ঘোষণা মধ্যপ্রদেশ হাইকোর্টের: বন্ধ হলো জুমার নামাজ, মূর্তি আনার নির্দেশ!

নয়াদিল্লি, ১৫ মে – ভারতের মধ্যপ্রদেশের ধারের ঐতিহাসিক ‘কামাল মওলা মসজিদ’ নিয়ে এক যুগান্তকারী ও বিতর্কিত রায় দিয়েছেন রাজ্যটির হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত এই স্থাপনাটিকে একটি মন্দির হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে গত দুই দশক ধরে সেখানে চলে আসা জুমার নামাজ আদায়ের সুযোগ বন্ধ হয়ে গেল।

শুক্রবার (১৫ মে) বিচারপতি বিজয় কুমার শুকলা এবং অলোক অস্তির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন।

আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, কামাল মওলা মসজিদ কমপ্লেক্সটি মূলত প্রাচীন ‘ভোজশালা মন্দিরের’ অংশ। প্রত্নতাত্ত্বিক জরিপের প্রতিবেদনের ভিত্তিতে আদালত বলেন, সেখানে একটি প্রাচীন সংস্কৃত শিক্ষা কেন্দ্র এবং সরস্বতী দেবীর মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে। স্থাপনাটি মূলত পূজা করার জন্যই নির্মাণ করা হয়েছিল। এখন থেকে সেখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করতে পারবেন।

বন্ধ হলো জুমার নামাজ

২০০৩ সাল থেকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার (ASI) একটি বিশেষ নির্দেশনা অনুযায়ী সেখানে উভয় ধর্মের মানুষ তাদের আচার পালন করতেন। নিয়ম অনুযায়ী, প্রতি মঙ্গলবার হিন্দুরা সেখানে পূজা করতেন এবং প্রতি শুক্রবার মুসলিমরা জুমার নামাজ আদায় করতেন। আদালতের নতুন রায়ের ফলে শুক্রবারের নামাজ আদায়ের সেই নিয়ম বাতিল হয়ে গেল।

মুসলিম পক্ষকে রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে নতুন একটি মসজিদ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ নেওয়ার পরামর্শ দিয়েছেন আদালত।

লন্ডন থেকে মূর্তি আনার নির্দেশনা

ঐতিহাসিক ভোজশালা মন্দিরটি রাজা ভোজ তৈরি করেছিলেন বলে দাবি হিন্দুদের। অন্যদিকে মুসলিমদের দাবি, কয়েকশ বছর ধরে এটি কামাল মওলা মসজিদ হিসেবেই পরিচিত। তবে আদালত তার রায়ে সরস্বতী দেবীর মূল মূর্তিটি ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, যা বর্তমানে লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

২০২৪ সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট এই স্থাপনায় বৈজ্ঞানিক জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই জরিপ প্রতিবেদন বলছে, স্থাপনাটির স্থাপত্যশৈলী এবং চিহ্নগুলো মন্দিরের স্বপক্ষে প্রমাণ দেয়। যদিও মুসলিম পক্ষ শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায় হিন্দুদের পক্ষেই গেল।

স্থাপনাটি বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার (ASI) নিয়ন্ত্রণেই থাকবে, তবে ধর্মীয় অধিকারের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন নিয়ে এল এই রায়।

এনএন/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language