জাতীয়

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব নিলেন এস এন নজরুল ইসলাম

ঢাকা, ১৫ মে – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে যাওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি বিদায়ী কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

ডিএমপি সূত্র মারফত জানা যায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করার পর সরকার নতুন কাউকে স্থায়ীভাবে কমিশনার হিসেবে নিয়োগ দেয়নি। সেই প্রেক্ষাপটে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার ছিল মো. সরওয়ারের পেশাগত জীবনের শেষ কার্যদিবস। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়ম অনুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে ইস্তফা দেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর থেকেই ডিএমপির শীর্ষ পদে ভারপ্রাপ্ত হিসেবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language