এশিয়া

বেইজিংয়ে শি-ট্রাম্প বৈঠক: গোলাপের বীজ উপহার দেওয়ার ঘোষণা

বেইজিং, ১৫ মে – বেইজিং সফরের শেষ দিনে চীনের ঐতিহাসিক ঝোংনানহাই প্রাঙ্গণে বিশেষ বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পরবর্তী পর্যায়ে দুই রাষ্ট্রপ্রধান বাগান পরিদর্শন করেন। পরিদর্শনের এক পর্যায়ে সেখানে ফুটে থাকা চীনা গোলাপ দেখে মুগ্ধ হন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ সময় শি জিনপিং তাকে ওই গোলাপের বীজ উপহার হিসেবে পাঠানোর প্রতিশ্রুতি দেন। শি জিনপিং জানান যে ঝোংনানহাই চীনের কেন্দ্রীয় নেতৃত্বের মূল কাজের জায়গা এবং আবাসস্থল। এটি একসময় প্রাচীন সম্রাটদের রাজকীয় উদ্যানের অংশ ছিল। তিনি ট্রাম্পকে প্রায় ৪৯০ বছরের পুরনো একটি ঐতিহাসিক গাছও দেখান।

উদ্যান ভ্রমণের সময় ট্রাম্প গোলাপের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে সেগুলোকে বিশ্বের অন্যতম সুন্দর গোলাপ বলে অভিহিত করেন। দুই নেতার মধ্যে প্রায় ১০ মিনিটের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর তারা একটি ঐতিহ্যবাহী চীনা নকশায় সজ্জিত স্থানে আলোকচিত্রে অংশ নেন।

চীনা প্রেসিডেন্ট এই বৈঠককে একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হিসেবে বর্ণনা করেন। এই গুরুত্বপূর্ণ সফরে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সফরকালে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও তার অঙ্গভঙ্গির মাধ্যমে সফরটি উপভোগ করার কথা জানান।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language