ঈদুল আজহায় সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ১৪ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বিদ্যমান ক্ষমতা বলে দেশব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
তবে ছুটির আগের দিন অর্থাৎ ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার সকল অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবার সাথে জড়িত কর্মী ও যানবাহন এই ছুটির আওতার বাইরে থাকবে।
একই সাথে হাসপাতাল ও চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ সরঞ্জামবাহী যানবাহন নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলোও খোলা থাকবে। ব্যাংকিং ও আদালত পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
বেসরকারি খাতের শিল্প ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দীর্ঘ ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত পূর্বনির্ধারিত ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ছুটির সাথে অতিরিক্ত একদিন যুক্ত করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এস এম/ ১৪ মে ২০২৬









