সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

ঢাকা, ১৩ মে – জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেওয়া হয়।
এর আগে গতকাল ১২ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে এই মামলাগুলোতে জামিন প্রদান করেছিলেন। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। এর ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং মোতাহার হোসেন সাজুসহ আরও কয়েকজন আইনজীবী। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতারের পর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ মোট চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এছাড়াও তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ এবং প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক মামলা দায়ের করেছে। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন এবং পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় রুল ও জামিন লাভ করেন।
২০১০ সালের সেপ্টেম্বর মাসে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবিএম খায়রুল হক। তিনি ২০১১ সালের মে মাসে বিচারিক জীবন থেকে অবসরে যান।
পরবর্তী সময়ে তিনি সরকারের আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। বর্তমানে নতুন করে যুক্ত হওয়া হত্যা মামলাগুলোতে জামিন পেলেও রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত করার লক্ষ্যে উচ্চতর আদালতে আপিল করেছে।
এস এম/ ১৩ মে ২০২৬









