সংকটে থাকা ৫টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ, ১৩ মে – দেশের সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ অথবা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী জুলাই মাস থেকে এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ সময় ধরে তীব্র তারল্য সংকট এবং খেলাপি ঋণের ভারে ন্যুব্জ কয়েকটি প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন সংশ্লিষ্টরা।
বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে,
- এফএএস ফাইন্যান্,
- ফারইস্ট ফাইন্যান্স,
- আভিভা ফাইন্যান্স,
- পিপলস লিজিং এবং
- ইন্টারন্যাশনাল লিজিং।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, এই প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার বর্তমানে ৯৩ শতাংশ থেকে শতভাগের কাছাকাছি পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এমন নাজুক পরিস্থিতি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। এই প্রেক্ষাপটে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং খাতের শৃঙ্খলা ফেরাতে প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এস এম/ ১৩ মে ২০২৬









