তামিলনাড়ুতে ধর্মীয় স্থান ও স্কুলের পাশের ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

চেন্নাই, ১২ মে – তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যের ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত ৭১৭টি মদের দোকান বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরণের স্পর্শকাতর স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসমাক নামক সরকারি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত এই দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে তাসমাকের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে।
এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের নিকটবর্তী এলাকায় অবস্থিত। উল্লেখ্য যে, তামিলনাড়ু সরকার ২০২৫ সালে মদ বিক্রি থেকে প্রায় ৪৮ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
তবে রাজস্বের চেয়ে জনকল্যাণকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নির্বাচনের পূর্বে থালাপতি বিজয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তামিলনাড়ুকে মাদকমুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবেন।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে গত রবিবার তিনি সরকার গঠন করেন। দায়িত্ব গ্রহণের পরপরই জনস্বার্থে এমন সাহসী পদক্ষেপ নিলেন দক্ষিণী সিনেমার এই মেগাস্টার।
এস এম/ ১২ মে ২০২৬









