টিটন হত্যায় জড়িতদের শনাক্তের পথে গোয়েন্দা পুলিশ

ঢাকা, ১২ মে – রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত খুনিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে খুনিদের একটি নির্দিষ্ট ছকের মধ্যে নিয়ে আসা হয়েছে। গোয়েন্দা পুলিশের তথ্যমতে খুনিরা হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে করে রায়েরবাজার পর্যন্ত পালিয়ে গিয়েছিল যা সিসিটিভি ফুটেজ বা অন্যান্য মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে আসামিদের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। গত ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করা হয়। ২০০১ সালে সরকারের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার দুই নম্বরে ছিল তার নাম।
পুলিশের প্রাথমিক ধারণা শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। টিটন নব্বইয়ের দশকে অপরাধজগতে প্রবেশ করেন এবং অস্ত্র ব্যবসা ও একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০২৪ সালের আগস্ট মাসে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
এস এম/ ১২ মে ২০২৬









