কুমিল্লার তিতাসে হামলা চালাতে গিয়ে গণপিটুনিতে হত্যা মামলার আসামি নিহত

কুমিল্লা, ১২ মে – কুমিল্লার তিতাস উপজেলায় প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্থানীয়দের গণপিটুনিতে আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লতিফ একটি হত্যা মামলার প্রধান আসামিদের একজন ছিলেন এবং মাত্র চার দিন আগে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। সোমবার রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মোল্লা এবং লতিফ ভূঁইয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর জহিরুল ইসলাম মোল্লাকে গুলি করে হত্যার ঘটনায় লতিফ ভূঁইয়া অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় দীর্ঘ কারাভোগের পর গত বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পান।
সোমবার রাতে লতিফ ভূঁইয়া মানিককান্দি এলাকায় জহিরুলের চাচাতো ভাই জাহাঙ্গীর মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল হক জানান, ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লতিফের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এস এম/ ১২ মে ২০২৬









