জাতীয়

রাজধানীর যানজট নিরসনে ১১২ কিমি বৃত্তাকার নৌপথ চালুর প্রস্তাব ডিসিসিআইয়ের

ঢাকা, ১১ মে – রাজধানীর চারপাশের নৌপথের কৌশলগত ব্যবহার বাড়িয়ে যানজট নিরসনে কার্যকর বিকল্প হিসেবে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করে প্রায় ১১২ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এই অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে তাসকীন আহমেদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহনের জন্য সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হিসেবে পরিচিত। তবে নদীতে পলি জমে নাব্যতা হ্রাস এবং অবৈধ দখলের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই পথগুলোর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নদীর তীর পুনরুদ্ধার ও পরিকল্পিত ড্রেজিং কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে নৌ চলাচল বৃদ্ধি পাবে এবং ব্যবসার ব্যয় অনেকাংশে হ্রাস পাবে। এর ফলে সেচ কার্যক্রম এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতির গতিও ত্বরান্বিত হবে। বিশেষ করে রাজধানীর চারপাশের নদীগুলোকে সংযুক্ত করে বৃত্তাকার নৌপথের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ঢাকার যানজট নিরসনে এটি একটি শক্তিশালী বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করতে পারবে।

এ সময় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের অভ্যন্তরীণ নদীপথের প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং ইতোমধ্যে এ লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি দেশব্যাপী সরকারের গৃহীত খাল খনন কর্মসূচিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী মনে করেন, এর মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও টেকসই যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে যা ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। উক্ত সভায় ডিসিসিআই এর ঊর্ধ্বতন সহ সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ সভাপতি মো. সালিম সোলায়মান এবং ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language