পর্যটন খাতের উন্নয়নে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১১ মে – স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে দেশের পর্যটন শিল্পের বিকাশে পর্যটকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে ভবিষ্যতে সকল পর্যায়ে বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান যে অপরাধ দমনে মানবাধিকার সমুন্নত রেখে পুলিশকে কৌশলগতভাবে কাজ করতে হবে।
বিশেষ করে জাতিসংঘ নির্ধারিত নূন্যতম বলপ্রয়োগ নীতি মেনে চলার জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় চার স্তরের সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন যে বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সেখানে সক্রিয় দায়িত্ব পালন করছে এবং বিশেষ প্রয়োজনে যৌথ অভিযান পরিচালিত হবে। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এলিট ফোর্স র্যাব প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন যে এই বাহিনীর জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো বা আলাদা রেজিস্ট্রেশন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে এর আইনি প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও সতর্ক করে বলেন যে পুলিশ বাহিনীর শৃঙ্খলায় কোনো আপস করা হবে না এবং চেইন অফ কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন যে পুলিশের প্রতিটি আচরণে যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন ঘটে। পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে বাস্তবে রূপান্তরের মাধ্যমে জনগণকে প্রকৃত আইনি সেবা প্রদানের আহ্বান জানান তিনি।
এস এম/ ১১ মে ২০২৬









