কন্যাশিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা রহমান

ঢাকা, ১১ মে – কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে রাষ্ট্রকে সহায়কের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন যে সমাজের বিভিন্ন স্তরে উন্নয়নের জন্য পুনাক সদস্যদের নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার। বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের জন্য গৃহীত পুনাকের সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলো একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন যে নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। তাই স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নে তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং বিপণন সহায়তা প্রদান করা গেলে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার হার বাড়ানো সম্ভব হবে। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান অসুস্থ পুনাক সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর দ্রুত আরোগ্য কামনা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসিনা আহমেদ, কানিজ মওলা এবং সাবিনা আওলাদ।
এস এম/ ১১ মে ২০২৬









