সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ: ডিএনসিসির ব্যতিক্রমী জনসচেতনতা কার্যক্রম শুরু

ঢাকা, ১০ মে – আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বাউল সংগীতের মাধ্যমে পরিচালিত এই ব্যতিক্রমধর্মী প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। রোববার রাজধানীর গুলশান-২ এলাকার ডিসিসি মার্কেটের সামনে এই বিশেষ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
এই কর্মসূচির আওতায় ২০ দিনব্যাপী ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের মোট ১০০টি স্থানে সচেতনতামূলক বাউল সংগীত পরিবেশন করা হবে। বাউল গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রচলিত প্রচারণার পাশাপাশি মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এই বাউল সংগীতভিত্তিক সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকরা নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি সবাইকে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমই যথেষ্ট নয়, নাগরিকদেরও ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ উল্লেখ করেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই।
বাউল সংগীতের মতো জনপ্রিয় সাংস্কৃতিক মাধ্যমের সাহায্যে জনসচেতনতা সৃষ্টির এই উদ্যোগ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।
এস এম/ ১০ মে ২০২৬









