মধ্যপ্রাচ্য

ইরানি রেভোলিউশনারি গার্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৪১ জন গ্রেফতার

মানামা, ৯ মে – ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর সাথে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে অন্তত ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। বাহরাইন সরকার ইরান সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যখন ব্যাপক অভিযান চালাচ্ছে ঠিক সেই মুহূর্তে এই গণগ্রেফতারের খবর সামনে এলো।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইরান সমর্থিত ইসলামিক রেভোলিউশনারি গার্ডের সাথে যোগাযোগ এবং কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বাহরাইন সরকার জানিয়েছে যে তারা ইতোমধ্যে কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্বও বাতিল করেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বাহরাইনের অভ্যন্তরীণ নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে ইরানি হামলাকে সমর্থন করেছে। মূলত গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং বিদেশি গোষ্ঠীর সাথে গোপনে আঁতাত করার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইন কর্তৃপক্ষ তাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language