ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারে শামা ওবায়েদ ও পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকা, ৯ মে – বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকার একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভী এ বৈঠকে মিলিত হন। প্রাতরাশকালীন এই আলোচনায় উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
বৈঠকে দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়। বিশেষ করে বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়।
নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে একটি কার্যকর ও সমৃদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক সমৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়।
এস এম/ ৯ মে ২০২৬









