জাতীয়

স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে: নাহিদ ইসলাম

চট্টগ্রাম, ৭ মে – বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে পারে। নির্বাচনের পরিবেশ আরও স্পষ্ট হলে এককভাবে নাকি জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রতিটি রাজনৈতিক দলের মতো এনসিপিও নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার নয়।

বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং অতীতের মতো সংসদকে অকার্যকর করার পথে হাঁটছে না বলে তিনি দাবি করেন।

জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দলের অবস্থান কিছুটা সংকুচিত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট ও জনস্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা বিদ্যমান। এমতাবস্থায় রাজপথে আন্দোলনের পরিবর্তে সংসদীয় প্রক্রিয়ায় সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তবে সংসদে যথাযথ সমাধান না পাওয়া গেলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ করছে, তার উত্তর তাদেরই দিতে হবে।

এর আগে চট্টগ্রামের রাজনৈতিক কর্মসূচি শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। সেখানে তারা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে সাংবাদিক সমিতিতে প্রেস ব্রিফিং করেন।

এনএন/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language