‘বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব’, গ্লোবাল প্ল্যাটফর্মে দেশকে নিতে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর!

ঢাকা, ৬ মে – বাংলাদেশকে বিশ্বের অন্যতম বৃহৎ ও শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্রে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা দেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মেধাবী জনশক্তি এবং প্রয়োজনীয় শিক্ষা কর্মসূচি রয়েছে। দেশকে পৃথিবীর সেরা এডুকেশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য ছিল এবং সেই সম্ভাবনা আবারও ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোকে বাংলাদেশে আকৃষ্ট করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিষয়ক অবদানের প্রশংসা করেন। বর্তমান সরকারের পক্ষ থেকেও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, টেকসই সিদ্ধান্ত গ্রহণের জন্য স্টেকহোল্ডারদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা, বৃত্তি প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলো সরকার পর্যালোচনা করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা সংস্কার সম্পন্ন করার বিষয়েও তিনি সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদেশে শিক্ষাগ্রহণ শেষে দেশে ফিরে আসার প্রবণতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এনএন/ ৬ মে ২০২৬









