ব্যবসা

স্বস্তি ফিরল সোনার বাজারে! ভরিতে কমল ২ হাজার টাকার বেশি

ঢাকা, ৫ মে – দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকাতেই অপরিবর্তিত রয়েছে।

এনএন/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language