জাতীয়

পুলিশের পোশাক ও লোগো আগের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ৪ মে – পুলিশের বর্তমান পোশাক ও লোগো পরিবর্তন করে আগের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন যে বর্তমান পোশাকটি অনেকের কাছে মানানসই মনে হচ্ছে না। বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্যম ফিরিয়ে আনতে এবং জনবান্ধব ভাবমূর্তি তৈরির লক্ষ্যে আগের খাকি রঙের পোশাকের পুরনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মিয়ানমার থেকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়ার বিষয়ে তিনি জানান যে এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। বিচারিক প্রক্রিয়ায় আদালত কাকে জামিন দেবেন বা দেবেন না তা আইনের বিষয়। তবে জামিন পেলেও কোনো অপরাধী পার পাবে না বলে তিনি সতর্ক করে দেন।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language