জাতীয়

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকা, ৪ মে – রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানান, জালিমুন নেসা ডেমরা এলাকায় তার বড় ছেলে ফরহাদের বাসায় থাকতেন।

ওই রাতে এক প্রতিবেশী মারা যাওয়ার খবর শুনে তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে রেখেই ঘটনাস্থল থেকে দুই কিশোর পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language