জাতীয়

ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

ঢাকা, ৪ মে – সম্প্রতি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মূলত আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ এবং সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে পানি প্রবেশের ফলে অনেক সময় সেখানকার ফসল ক্ষতিগ্রস্ত হয়। তিনি উল্লেখ করেন যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এর ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই।

মন্ত্রী আরও জানান, হাওরের ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। গত পনেরো দিন ধরে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। বর্তমানে দেশের অনেক এলাকায় প্রায় ৮০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। যেখানে শ্রমিকের অভাব দেখা দিয়েছে, সেখানে বিশেষ ব্যবস্থায় অন্য এলাকা থেকে শ্রমিক এবং প্রয়োজনীয় জনবল পাঠানো হয়েছে।

কিছু এলাকায় ফসলের ক্ষতি হলেও তার পরিমাণ খুব বেশি নয় বলে জানান মন্ত্রী। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দুর্ভোগ লাঘবে সরকার এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আগামী তিন মাস তাদের নিয়মিত সহায়তা প্রদান করা হবে।

এনএন/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language