জাতীয়

অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছেন: হাসনাত আব্দুল্লাহ

ঢাকা, ৩ মে – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি বলেন, অনেক আমলা সরকারি পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের উদ্দেশ্য হাসিল করেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ জানান, জাতীয় জ্বালানি বিষয়ক একটি কমিটিতে কাজ করার সময় তিনি লক্ষ্য করেছেন যে, আমলারা এলএনজি বা নির্দিষ্ট জ্বালানি আমদানির জন্য সরকারকে অন্যায্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেন।

এর পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, অবসর গ্রহণের পর অনেক আমলা সংশ্লিষ্ট বেসরকারি জ্বালানি কোম্পানিগুলোতে উচ্চপদে যোগ দেন। তিনি আরও বলেন, ডিজেল ও ফার্নেস অয়েল আমদানির ক্ষেত্রেও একই ধরনের গোষ্ঠীস্বার্থ কাজ করে। বক্তব্যে তিনি দেশের সংস্কার প্রক্রিয়ার স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বিচার বিভাগ ও আমলাতন্ত্রের যে ব্যাপক সংস্কারের কথা ছিল, সরকার তা থেকে দূরে সরে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর মতে, সবকিছু নিয়ন্ত্রণের মানসিকতার কারণে সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, শিল্প ও বাণিজ্যিক খাতে জ্বালানি সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে।

পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গেলেও বাংলাদেশ গত ১০ থেকে ১৫ বছরে অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সংগ্রহের তেমন কোনো উদ্যোগ নেয়নি। আমদানিনির্ভর জ্বালানি নীতি থেকে বের হয়ে নবায়নযোগ্য শক্তির দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language