ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২ মে – ইরানের পক্ষ থেকে আসা সর্বশেষ শান্তি প্রস্তাবের শর্তগুলো নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তেহরানের দেওয়া প্রস্তাবে এমন কিছু দাবি অন্তর্ভুক্ত রয়েছে যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার এই অবস্থানের কথা জানান। তিনি বলেন যে তারা একটি চুক্তি করতে আগ্রহী হলেও আমি বর্তমান প্রস্তাবে সন্তুষ্ট হতে পারছি না। তারা এমন কিছু দাবি করেছে যেগুলোতে আমার পক্ষে সায় দেওয়া সম্ভব নয়। ইরানের দেওয়া প্রস্তাবের নির্দিষ্ট কোন অংশগুলোতে তার আপত্তি রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প।
একই সাথে তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন যে তাড়াহুড়ো করে এই সংঘাত নিরসন করা ঠিক হবে না। তার মতে যথাযথ স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধ শেষ করলে কয়েক বছর পরই পুনরায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি কূটনৈতিক আলোচনা সফল না হয় তবে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই দ্বন্দ্বে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও কোনো স্থায়ী সমাধান এখনো খুঁজে পাওয়া যায়নি। কয়েক সপ্তাহ ধরে চলা এই আলোচনা কার্যত স্থবির হয়ে আছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকেও কোনো কার্যকর রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি তাদের বর্তমান হুমকিমূলক অবস্থান ও ভাষা পরিবর্তন করে তবেই তেহরান ফলপ্রসূ আলোচনায় অংশ নিতে আগ্রহী। বর্তমানে পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক মতপার্থক্য বিদ্যমান। কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিলেও ট্রাম্প প্রয়োজনে সামরিক পন্থার পথও খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন।
এস এম/ ২ মে ২০২৬









