মধ্যপ্রাচ্য

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা করলেন মোজতবা খামেনি

তেহরান, ৩০ এপ্রিল – ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, এই জাতীয় সক্ষমতা রক্ষায় ইরান কারো সাথে কোনো ধরনের আপস করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন তিনি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন খামেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর দেশটির নেতৃত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। সাম্প্রতিক এক হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিনি এই দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আন্তর্জাতিক মহলে কড়া বার্তা দিয়ে আসছেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় হয়েছে দাবি করে তিনি বলেন, ন্যানোপ্রযুক্তি থেকে শুরু করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পর্যন্ত সবকিছুই ইরানের নয় কোটি নাগরিকের কাছে জাতীয় সম্পদ।

দেশবাসী এই সক্ষমতাগুলোকে দেশের পানি, ভূমি এবং আকাশসীমার মতোই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করবে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতির সমালোচনা করে মোজতবা খামেনি আরও বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই। তাদের একমাত্র জায়গা হলো পানির তলদেশে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, অদূর ভবিষ্যতে এই অঞ্চলে বিদেশি শক্তির কোনো প্রভাব থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর সংলগ্ন দেশগুলোর ভবিষ্যৎ একসূত্রে গাঁথা। হাজার মাইল দূর থেকে আসা বিদেশি শক্তির এখানে কোনো স্থান নেই।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language