ইতিহাসে সবচেয়ে বড় পাপ ১৯৭১ সালে ঘটেছিল: শিক্ষামন্ত্রী মিলন

ঢাকা, ২৯ এপ্রিল – সত্য কখনো গোপন থাকে না এবং ইতিহাসের বড় পাপগুলো কখনো মুছে যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না। এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপের ঘটনাটি ঘটেছিল ১৯৭১ সালে। ৫৪ বছর পরেও জাতি সেই কলঙ্কজনক ইতিহাস ভুলে যায়নি।
তিনি উল্লেখ করেন, বর্তমানে কিছু পাপের কথা উঠলেই অনেকের শরীরে জ্বালা ধরে। কিন্তু কেউ শুনতে না চাইলেও সত্য লুকানো সম্ভব নয়। পবিত্র কোরআন শরীফের বিধান অনুযায়ী, ক্ষতিগ্রস্তরা ক্ষমা না করলে কিছু অপরাধের ক্ষমা হয় না। আমরা বাস্তবতায় অনেক সময় আপস করি, কিন্তু পাপ কখনো মুছে যায় না।
মিলন আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আমরা এই মহান সংসদে এসেছি। এই পাপের কথা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া হবে।
বর্তমান সংসদকে ইউনিক এবং এক্সক্লুসিভ অভিহিত করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে এই সংসদ সৃষ্টি হয়েছে। এটি দেশের অত্যন্ত উচ্চমূল্যের একটি পার্লামেন্ট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লবের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াইফাই এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি এবং প্রাথমিক শিক্ষায় মিড ডে মিল চালুর কাজ চলছে।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে আর নকল বা অনৈতিক কোনো পথ চলবে না। সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬









