প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৯ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেছেন।
সাক্ষাৎকালে জাপানের কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা ইপিএ কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জাপানি বিশেষ দূত বাংলাদেশে কৃষি পণ্য রপ্তানি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন যে জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন যে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি কৃষিখাত, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে কর্মী পাঠানোর সম্ভাবনার কথা তুলে ধরলে জাপানি প্রতিনিধি দল ইতিবাচক সাড়া দেয়।
বৈঠকে জাপানের সহযোগিতায় চলমান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাপানি প্রতিনিধি দল এই প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান ১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার কথা ঘোষণা করে এবং প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেন। বৈঠকে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬









