সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে: ইশরাক হোসেন

ঢাকা, ২৯ এপ্রিল – সরকার পতন করার হুমকি দিলে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন, তবে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চব্বিশতম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান সরকারের বৈধতা তুলে ধরে ইশরাক হোসেন জানান, এই সরকার পূর্ববর্তী কোনো নির্বাচনের মতো নয় বরং জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট পেয়ে সংসদে এসেছে। তিনি সংসদ নেতার উদ্দেশে বলেন, শুধু হুকুম দিলেই বিগত দিনের মতো রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারের পতন নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদের বাইরে এবং ভেতরে যেভাবে বিষবাষ্প ছড়াচ্ছেন, তার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ছে।
ফলে ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে এবং ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন যে, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে কার্যকর কমিটি গঠন ও ইতিবাচক আলোচনার পর মাত্র দুই দিনের ব্যবধানে বিরোধী নেতারা জনগণকে উসকানি দিয়েছেন। এমনকি ১৭ দিনের মধ্যে সরকার হটানোর হুমকিও দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, তারা কোনো বিভক্তির রাজনীতি নয় বরং শান্তির রাজনীতি চান। চব্বিশের আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন যে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে পলাতক ফ্যাসিবাদের দোসররাই লাভবান হবে। পরিশেষে খুনি স্বৈরাচারী আমলের অপসংস্কৃতি থেকে বের হয়ে এসে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









