জাতীয়

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় নিউমার্কেট থানায় মামলা দায়ের

ঢাকা, ২৯ এপ্রিল – রাজধানীর নিউমার্কেট এলাকায় সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার সকালে নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় এই মামলা করেন। মামলার এজাহারে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ না থাকলেও ঘটনার প্রেক্ষাপট হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে।

তারা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ডাগারি রনি। অভিযোগ উঠেছে যে, বছিলা গরুর হাটের ইজারা সংক্রান্ত শিডিউল নিয়ে টিটনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব জানান, টিটন হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে যেখানে ৮ থেকে ৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন যে, দীর্ঘদিন জেলে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান টিটন। এরপর তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন এবং একটি কাজের শিডিউল ক্রয় করেছিলেন। তবে বছিলা গরুর হাটের ইজারা নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সাথে তার বিরোধ তৈরি হয়। গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে টিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language