ইরানের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মানামা, ২৮ এপ্রিল – বাহরাইনে ইরানের সঙ্গে যোগসাজশ করে সন্ত্রাসী ও শত্রুতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার দায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বাহরাইনের পাবলিক প্রসিকিউটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিতদের মধ্যে দুইজন আফগান এবং তিনজন বাহরাইনের নাগরিক বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বাহরাইন পাবলিক প্রসিকিউশন জানায় যে বাহরাইন রাজতন্ত্রের বিরুদ্ধে বিদেশি শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর অপরাধ। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে এই কঠোর সাজা ঘোষণা করেন।
এ ছাড়া বাহরাইনের বিরুদ্ধে ইরানের কথিত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সমর্থনের অভিযোগে আরও ২৫ ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মানবাধিকারকর্মী মরিয়ম আল-খাওয়াজা এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকার অভিযোগে এটিই প্রথম কোনো মামলা যেখানে কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে সাজা দেওয়া হলো।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









